
রাজধানীর মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালের যানজট, অব্যবস্থাপনা ও সড়ক দখল কমাতে টার্মিনালে পার্ক করে রাখা বাসগুলো পর্যায়ক্রমে পূর্বাচলে নবনির্মিত অস্থায়ী ডিপোতে স্থানান্তর শুরু হয়েছে। বুধবার (১৬ জুলাই) প্রথম ধাপে ২০টি বাস পূর্বাচলের ডিপোতে সরিয়ে নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে টার্মিনালে থাকা অন্যান্য বাসও সেখানে স্থানান্তর করা হবে।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) জানিয়েছে, পূর্বাচল নতুন শহর প্রকল্পের ৩ নম্বর সেক্টরে প্রায় ১০ একর জায়গাজুড়ে অস্থায়ী বাস ডিপো নির্মাণ করা হয়েছে। সেখানে একসঙ্গে প্রায় ৫০০টি বাস রাখার ব্যবস্থা রয়েছে।
রাজউকের প্রধান প্রকৌশলী আমিনুর রহমান সুমন বলেন, পূর্বাচলের অস্থায়ী ডিপোতেই বাসগুলো অবস্থান করবে। নির্ধারিত ট্রিপ অনুযায়ী যাত্রী পরিবহনের সময় বাসগুলো মহাখালী টার্মিনালে আসবে এবং যাত্রী ওঠানামা শেষে অযথা টার্মিনালে অবস্থান না করে দ্রুত ডিপোতে ফিরে যাবে। এতে মহাখালী এলাকায় যানজট কমবে এবং টার্মিনাল ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরবে বলে আশা করা হচ্ছে।
বাস স্থানান্তর কার্যক্রম শুরুর আগে আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, নির্ধারিত ট্রিপ অনুযায়ী সিরিয়াল মেনে বাসগুলো টার্মিনালে প্রবেশ করবে। এতে বিশৃঙ্খলা কমবে এবং যাত্রীসেবার মান উন্নত হবে।
সরকারের বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে রাজধানীর প্রধান বাস টার্মিনালগুলো ধাপে ধাপে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। এ পরিকল্পনা অনুযায়ী সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে এবং গুলিস্তান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জে স্থানান্তর করা হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন ডিপো ব্যবস্থাপনা চালু হলে মহাখালীসহ রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কে যানজট কমবে, অবৈধ পার্কিং নিয়ন্ত্রণে আসবে এবং গণপরিবহন ব্যবস্থাপনায় আরও শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে।