মোঃ সাইফুল্লাহ,
মাগুরা প্রতিনিধি//
মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের সাথে ইজারা চুক্তি বাতিলের দাবিতে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট মাগুরা জেলার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১১ অক্টোবর রবিবার বেলা সাড়ে ১১ টায় মাগুরা প্রেসক্লাবের সামনে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট এর অন্যতম নেতা ও বাংলাদেশ জাসদ মাগুরা জেলা শাখার সভাপতি এটিএম মহব্বত আলীর সভাপতিত্বে এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মাগুরা জেলার আহ্বায়ক প্রকৌশলী শম্পা বসুর পরিচালনায় সমাবেশে বক্তব্য প্রদান করেন বিপ্লবী কমিউনিস্ট লীগ মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম ফিরোজ ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক এটিএম আনিসুর রহমান।
বাংলাদেশ জাসদ মাগুরা জেলা শাখার সভাপতি এটিএম মহব্বত আলী বলেন, লাভজনক নিউমুরিং টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেয়ার মাধ্যমে বর্তমান সরকার জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করছে। সবার আগে বাংলাদেশ শ্লোগান দিয়ে বাংলাদেশের স্বার্থ বিদেশিদের হাতে তুলে দিচ্ছে। এটি কোনভাবেই এদেশের জনগণ মেনে নেবে না।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মাগুরা জেলার আহ্বায়ক প্রকৌশলী শম্পা বসু বলেন, ডিপি ওয়ার্ল্ডের সাথে আমেরিকার নৌবাহিনীর চুক্তি থাকায় আমাদের দেশের স্বাধীনতা, স্বার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার জন্যও এটি মারাত্মক হুমকি। পরিচালনার নামে বিদেশি কোম্পানির হাতে কর্তৃত্ব তুলে দিতেই সরকার চুক্তি করছে। সমাবেশ থেকে দেশ বিক্রির এই চুক্তির বিরুদ্ধেদেশবাসীকে রাজপথে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান নেতৃবৃন্দ।
মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ১১/১০/২০২৬ ইং