মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি //
সরকারি খরচে বিরোধ শেষ "সবার আগে বাংলাদেশ" এ শ্লোগান নিয়ে মাগুরায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার সকালে জেলা জজ আদালত প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন শেষে বেলুন উড়িয়ে এ দিবসের উদ্বোধন করা হয়। পরে শুরু হয় বর্ণাঢ্য র্যালী। র্যালী শেষে জেলা জজ আদালত প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও মাগুরা সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ, জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন ও জেলা সিভিল সার্জন ডাক্তার শামীম কবির। বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড কর্মকর্তা হেলাল উদ্দিন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক শাহেদ হাসান টগর প্রমূখ। সভায় বক্তারা বলেন, সরকার আর্থিকভাবে অসচ্ছল, সহায় সম্বলহীন এবং নানাবিধ আর্থ সামাজিক কারণে বিচার প্রাপ্তিতে অসমর্থন জনগোষ্ঠীকে আইনী সহায়তা জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে করে আসছে। সারাদেশে দরিদ্র ও অসহায় মানুষ জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে আইনি সহায়তা গ্রহন করছে। মাগুরা জেলা লিগ্যাল এইড কমিটি এ দিবসের আয়োজন করে। পাশাপাশি এ দিবসে জেলা জজ আদালত প্রাঙ্গণে লিগ্যাল এইড মেলা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ২৮/৪/২০২৬ইং