মাগুরা, ১১ জুলাই ২০২৬:
পবিত্র ঈদুল আজহা ও বাংলা নববর্ষ উপলক্ষে মাগুরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে টাঙানো নির্বাচনী বিলবোর্ড চুরির ঘটনায় তীব্র নিন্দা ও গভীর ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মাগুরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মোঃ আজমত হোসাইন।
আজ এক বিবৃতিতে তিনি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি করেন।
বিবৃতিতে অ্যাডভোকেট মোঃ আজমত হোসাইন বলেন,
"ঈদ ও নববর্ষের শুভেচ্ছা জানিয়ে মাগুরা শহরের বিভিন্ন স্থানে আমার নির্বাচনী ফেস্টুন টাঙানো হয়েছিল। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, গত ৯ জুলাই (২০২৬) দিবাগত রাতে একদল অজ্ঞাতনামা দুষ্কৃতকারী মাগুরা শহরের এসপি অফিসের সামনের চৌরঙ্গী মোড় এবং কদমতলা সোনালী ব্যাংকের সামনের মোড় থেকে দুটি নির্বাচনী বিলবোর্ড খুলে নিয়ে যায়। এটি একটি কাপুরুষোচিত কাজ এবং সুস্থ গণতান্ত্রিক ও রাজনৈতিক চর্চার পরিপন্থী।"
তিনি আরও বলেন, এ ধরনের অপতৎপরতা চালিয়ে জনগণের জোয়ার এবং নির্বাচনী প্রচারণাকে বাধাগ্রস্ত করা যাবে না। ভবিষ্যতে যাতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ও উসকানিমূলক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য তিনি প্রশাসনের কঠোর নজরদারি ও কার্যকর পদক্ষেপ দাবি করেন।
উল্লেখ্য, এই বিলবোর্ড চুরির ঘটনায় মো: আজমত হোসাইনের পক্ষ থেকে মাগুরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) ভুক্ত করা হয়েছে। তিনি মাগুরার শান্তিপ্রিয় জনগণকে এ ধরনের অপশক্তির বিরুদ্ধে সচেতন থাকার এবং সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে প্রশাসনের পাশে থাকার আহ্বান জানান।