মোঃ সাইফুল্লাহ,
মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি//
মাগুরায় আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় এলাকা মাগুরা–১ আসনে হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে বিশাল নির্বাচনী প্রচারণা মিছিল ও জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২টায় মাগুরা শহরজুড়ে এই মিছিল অনুষ্ঠিত হয়, যা পুরো শহরে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।
সকালের শুরুতেই বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন এলাকা থেকে দলে দলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে মাগুরা শহরের নোমানী ময়দানে সমবেত হন। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখর হয়ে ওঠে শহরের প্রধান প্রধান সড়ক।
শহরে নোমানী ময়দানে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু। জেলা বিএনপির আহ্বায়ক আলি আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মাগুরা–১ আসন থেকে ধানের শীষ মনোনীত প্রার্থী জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খান।
এছাড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক সদস্যসহ জেলা ও উপজেলার বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জনসভায় উপস্থিত ছিলেন। বক্তারা আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলীয় ঐক্য জোরদার ও জনগণকে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
জনসভা শেষে ময়দান থেকে হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে একটি বিশাল নির্বাচনী মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ভায়নার মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল চলাকালে নেতাকর্মীদের শ্লোগানে পুরো শহর মুখরিত হয়ে ওঠে।
মোঃ সাইফুল্লাহ, মাগুরা
তারিখ- ০৯. ০২. ২০২৬ ইং