নিজস্ব প্রতিবেদক
সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং নিরাপদ সামাজিক পরিবেশ গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। তিনি বলেছেন, মতভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সমাজের কল্যাণে কাজ করতে হবে।
মঙ্গলবার সকালে রাজধানীর রূপনগর আরামবাগ মাঠে কিশোর গ্যাং, ইভটিজিং, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে রূপনগর থানা পুলিশের উদ্যোগে আয়োজিত ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমিনুল হক বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে যেমন সঠিক তথ্য পাওয়া যায়, তেমনি বিভ্রান্তিকর তথ্যও দ্রুত ছড়িয়ে পড়ে।

তাই সচেতন নাগরিক হিসেবে সত্য যাচাই করে তা গ্রহণ করা এবং মিথ্যার বিরুদ্ধে সোচ্চার থাকা প্রয়োজন। একটি সুশৃঙ্খল ও মানবিক সমাজ গঠনে সত্যের পক্ষে অবস্থান নেওয়া অপরিহার্য।
তিনি আরও বলেন, নৈতিক অবক্ষয়ের কারণে সমাজে যে অস্থিরতা তৈরি হচ্ছে, তা মোকাবেলায় সবাইকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে। যেসব এলাকায় কিশোর গ্যাংয়ের বিস্তার ঘটেছে, সেসব জায়গা শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি। একই সঙ্গে মাদকের বিস্তার রোধে কার্যকর ও টেকসই পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেন।
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশসহ সংশ্লিষ্ট বাহিনীর ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা সহিংসতা প্রতিরোধে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
মাদকবিরোধী অবস্থান পুনর্ব্যক্ত করে আমিনুল হক বলেন, সমাজে মাদকের সঙ্গে জড়িতদের কঠোরভাবে দমন করতে হবে এবং এ ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন জরুরি। নতুন প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে এখনই কার্যকর উদ্যোগ নেওয়ার সময় এসেছে।
অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্টজন, পুলিশ কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।