
আন্তর্জাতিক ডেস্কঃ
বিশ্ব কূটনীতিতে বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক অর্জন হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

মঙ্গলবার (২ জুন ২০২৬) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে তিনি সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস. কাকৌরিস-কে ৯৯–৯১ ভোটে পরাজিত করে এই মর্যাদাপূর্ণ পদে নির্বাচিত হন।
নির্বাচিত সভাপতি হিসেবে ড. খলিলুর রহমান আগামী ৮ সেপ্টেম্বর ২০২৬ থেকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের দায়িত্ব গ্রহণ করবেন। তাঁর এ বিজয়কে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কূটনৈতিক সক্ষমতা, গ্রহণযোগ্যতা এবং নেতৃত্বের প্রতি বৈশ্বিক আস্থার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।
বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন অ্যানালেনা বেয়ারবক। তাঁর মেয়াদ শেষ হলে দায়িত্বভার গ্রহণ করবেন বাংলাদেশের এই শীর্ষ কূটনীতিক।
অন্যদিকে, জাতিসংঘের সর্বোচ্চ নির্বাহী কর্মকর্তা ও মহাসচিব হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন আন্তোনিও গুতেরেস। তাঁর বর্তমান মেয়াদ ২০২৬ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়ার কথা রয়েছে।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে বাংলাদেশের প্রতিনিধির নির্বাচিত হওয়া দেশের জন্য এক বিরল সম্মান। এর মাধ্যমে বিশ্ব শান্তি, টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, মানবাধিকার এবং আন্তর্জাতিক সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে বাংলাদেশের ভূমিকা আরও জোরালোভাবে বিশ্বমঞ্চে উপস্থাপনের সুযোগ সৃষ্টি হবে।
বাংলাদেশের জন্য এই অর্জন আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের মর্যাদা ও প্রভাব বৃদ্ধির ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে।