বুধবার, ১০ জুন ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
গফরগাঁও প্রতিনিধি: গফরগাঁও মহিলা কলেজের সামনে গভীর রাতে তরুণ নাহিয়ান রবিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ, শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন গফরগাঁও পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী মোঃ একরাম উল্লাহ।
এক বিবৃতিতে তিনি বলেন, একটি সভ্য সমাজে এ ধরনের বর্বরোচিত ও নৃশংস হত্যাকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই হত্যাকাণ্ড শুধু একটি সম্ভাবনাময় তরুণ প্রাণকে কেড়ে নেয়নি, বরং তার পরিবার, স্বজন এবং সমগ্র গফরগাঁওবাসীকে গভীরভাবে মর্মাহত করেছে।
তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অপরাধী যে-ই হোক না কেন, কোনো প্রকার প্রভাব, ক্ষমতা বা পরিচয়ের ঊর্ধ্বে উঠে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা জরুরি। গফরগাঁওবাসী এই নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার প্রত্যাশা করে।
বিবৃতিতে মোঃ একরাম উল্লাহ নিহত নাহিয়ান রবিনের অকাল ও মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, যেন আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন।
এছাড়া তিনি শোকসন্তপ্ত পিতা-মাতা, পরিবার-পরিজন ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান এবং এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য দানের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।
তিনি বলেন, দুঃসময়ে গফরগাঁওবাসী শোকাহত পরিবারের পাশে রয়েছে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবিতে তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করছে।