মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
রাজশাহী | ২৪ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬-২৭-এর শিরোপা যৌথভাবে অর্জন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ও জাতীয় বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী উভয় দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।
ফাইনাল শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলায় জয়-পরাজয় থাকবেই। তবে প্রতিযোগিতার প্রকৃত সৌন্দর্য নিহিত রয়েছে সৌহার্দ্য, সম্প্রীতি ও ক্রীড়াসুলভ মানসিকতার মধ্যে। তিনি ফাইনালে অংশগ্রহণকারী দুই দলের খেলোয়াড়দের অভিনন্দন জানান।
দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়ন প্রসঙ্গে আমিনুল হক বলেন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা, আধুনিক ক্রীড়া অবকাঠামো গড়ে তোলা এবং শিক্ষাব্যবস্থার সঙ্গে খেলাধুলার সমন্বয় সাধনে সরকার বহুমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে। জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদদের উৎসাহিত ও আর্থিকভাবে সহযোগিতার লক্ষ্যে ইতোমধ্যে ৩০০ জন খেলোয়াড়কে মাসিক ক্রীড়া ভাতা দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে এ সংখ্যা ৫০০ জনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
তৃণমূল পর্যায়ে প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, এ কার্যক্রমের প্রথম আসর থেকে ৩০৬ জন প্রতিভাবান খেলোয়াড়কে বাছাই করে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-তে ৪০ দিনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাঁদের মধ্য থেকে ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা চালিয়ে যাওয়ার সুযোগ পাবে তারা। উচ্চমাধ্যমিক থেকে স্নাতক পর্যায় পর্যন্ত শিক্ষার ব্যবস্থাও থাকবে।
তিনি আরও বলেন, রাজশাহীর বিকেএসপিকে পূর্ণাঙ্গ ও স্বয়ংসম্পূর্ণ প্রতিষ্ঠানে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে এ অঞ্চলের শিক্ষার্থীদের প্রশিক্ষণ ও পড়াশোনার জন্য ঢাকায় যেতে হবে না। বিশেষ করে নারী খেলোয়াড়দের অংশগ্রহণ ও প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।
শিক্ষাব্যবস্থায় খেলাধুলার গুরুত্ব ব্যাখ্যা করে প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলাকে কেবল ঐচ্ছিক কার্যক্রম হিসেবে নয়, বরং শিক্ষার অপরিহার্য অংশ হিসেবে প্রতিষ্ঠিত করতে সরকার কাজ করছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করার পাশাপাশি মাদকমুক্ত, সুস্থ ও শৃঙ্খলাবদ্ধ প্রজন্ম গড়ে তোলা সম্ভব হবে।
আমিনুল হক বলেন, খেলাধুলা একটি জাতির সুস্থতা, শৃঙ্খলা ও ঐক্য প্রতিষ্ঠার অন্যতম শক্তিশালী মাধ্যম। বাংলাদেশের স্বাধীনতাসংগ্রাম ও গণতান্ত্রিক আন্দোলনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক ভূমিকা রয়েছে। দেশের ক্রীড়াঙ্গনেও রাজশাহী বিশ্ববিদ্যালয় ও এ অঞ্চলের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া অবকাঠামো উন্নয়নে সরকারি সহযোগিতার আশ্বাস দিয়ে প্রতিমন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ের মাঠে একটি ফুটসাল গ্রাউন্ড নির্মাণে সহযোগিতা করা হবে। পাশাপাশি আগামী অর্থবছরে স্টেডিয়ামে ফ্লাডলাইট স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে প্রয়োজনীয় প্রকল্প প্রস্তাবনা জমা দেওয়ার আহ্বান জানান তিনি। এ ছাড়া আধুনিক সুইমিং পুল ও ইনডোর স্টেডিয়াম নির্মাণের বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল আলিম ও অধ্যাপক ড. মামুনুর রশীদ এবং রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোসা. রোকসানা বেগম। এ সময় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, খেলোয়াড়, দর্শক, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষপর্বে বিজয়ী দুই দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
প্রতিযোগিতায় ব্যক্তিগত নৈপুণ্যের স্বীকৃতি হিসেবে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন রাজশাহী বিশ্ববিদ্যালয় দলের অধিনায়ক যুবায়ের। ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয় দলের অধিনায়ক রোকনুজ্জামান। সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সজীব এবং সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিহাব।