শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
দখলমুক্ত খালের দুই পাশে হবে ওয়াকওয়ে
ঢাকা প্রতিনিধি : বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে রাজধানীর পল্লবী ও রূপনগর এলাকায় বর্ণাঢ্য পরিবেশ সচেতনতামূলক র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র্যালির উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক জনাব আমিনুল হক।

বৃহস্পতিবার সকালে পল্লবীর ইস্টার্ন হাউজিং এলাকায় ঢাকা মহানগর উত্তর বিএনপির কার্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে মাজেদুল ইসলাম মডেল স্কুল সংলগ্ন এলাকায় গিয়ে শেষ হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয়।

র্যালিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মোস্তাফা সরকার। এছাড়া পল্লবী ও রূপনগর থানা এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং নগরবাসীর জন্য একটি বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সরকার দীর্ঘমেয়াদি কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে পর্যায়ক্রমে দেশের বিভিন্ন অঞ্চলে ২৫ কোটি গাছ রোপণের কর্মসূচি গ্রহণ করেছেন। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তিনি আরও বলেন, খাল খনন ও পুনরুদ্ধার কর্মসূচির মাধ্যমে রাজধানীর পরিবেশগত নানা সমস্যার সমাধানে সরকার কাজ করছে। দখলমুক্ত করে খালগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে। পাশাপাশি খালের দুই পাশে ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যাতে নগরবাসী একটি সুন্দর, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশে চলাচল এবং অবসর যাপনের সুযোগ পায়।
আমিনুল হক বলেন, পরিবেশ রক্ষায় শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতাও প্রয়োজন। পরিবেশের প্রতি সবাই যত বেশি দায়িত্বশীল হবে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য তত বেশি নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহাবুব আলম মন্টু, সাবেক কাউন্সিলর ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা সাজ্জাদ হোসেন মোল্লা, সাবেক আহবায়ক রূপনগর থানা বিএনপি আব্দুল আউয়াল, রূপনগর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মজিবুর হক, খায়রুল আলম নয়ন, আল মাহাদী মোহাম্মদ, হাবিবুর রহমান হাবিব, জাহাঙ্গীর কবির জন ও নিজাম উদ্দিন জসিম।
এছাড়াও উপস্থিত ছিলেন রূপনগর থানা বিএনপির সিনিয়র সদস্য আশরাফুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ফরহাদ, সাধারণ সম্পাদক তাপন, সাংগঠনিক সম্পাদক হেলাল, ৯২ নম্বর ওয়ার্ডের সভাপতি নবী হোসেন, ৬ নম্বর আঞ্চলিক ওয়ার্ডের সিনিয়র সহ-সভাপতি ডা. আল হাসান মোবারক, সাধারণ সম্পাদক লুৎফুল আহসান রনি, রূপনগর থানা মহিলা দলের সাধারণ সম্পাদক শিল্পী ও পল্লবী থানা মহিলা দলের সভাপতি পলি।
আরও উপস্থিত ছিলেন রূপনগর ও পল্লবী থানার যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং পরিচ্ছন্ন নগর গঠনের বার্তা তুলে ধরা হয়। র্যালিতে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ পরিবেশবান্ধব বাংলাদেশ গঠনে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।