বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
ঢাকা: কারিতাস ঢাকা অঞ্চলের বাস্তবায়নাধীন ‘আলোকিত শিশু প্রকল্প’-এর উদ্যোগে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বিভিন্ন পেশা-শ্রেণির ব্যক্তিদের অংশগ্রহণে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর মিরপুরের আরামবাগে অবস্থিত কারিতাস ড্রপ-ইন সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। ঢাকা শহর সমাজসেবা কার্যালয়-৮, মিরপুরের সমাজসেবা কর্মকর্তা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন অফিস সহকারী ইসরাত জাহান জিবু।
সভায় উপস্থিত ছিলেন কারিতাস ঢাকা অঞ্চলের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা (ইসিডি) সান্দ্রা আন্তনী, সমাজসেবা কর্মকর্তা ইয়াসমিন সুলতানা, মো. বিল্লাল হোসেন পাটোয়ারী, নিউজ ২১-এর ক্রাইম রিপোর্টার এবং ৮ নম্বর ওয়ার্ডের সচিব মো. মির্জান।
এ ছাড়া ইউনিসেফ বাংলাদেশ, ফ্রেন্ডস অব বাসা, নগর স্বাস্থ্য কেন্দ্র, আহ্ছানিয়া মিশন, হীড বাংলাদেশ, ওয়ার্ল্ড ভিশন, এসএসডি, ডিএসকে, কর্মজীবী নারী, ব্র্যাক, বাডো, বাপসা, অরবিট হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও স্থানীয় উন্নয়ন সহযোগীরা সভায় অংশগ্রহণ করেন।
সভায় কারিতাসের ‘আলোকিত শিশু প্রকল্প’-এর আওতায় পরিচালিত ড্রপ-ইন সেন্টারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়। এ প্রকল্পের মাধ্যমে পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের নিরাপদ পরিবেশ, স্বাস্থ্যসেবা, পুষ্টিকর খাবার, প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষা, বিনোদন এবং ব্যক্তিগত স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন ধরনের সেবা প্রদান করা হয়।
এ ছাড়া শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে খেলাধুলা, ছবি আঁকা, গান, নাচ ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সুযোগ সৃষ্টি করা হয়। পাশাপাশি শিশুদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং পরিচ্ছন্নতা বজায় রাখতে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
সমন্বয় সভায় অংশগ্রহণকারী বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বিপদাপন্ন ও সুবিধাবঞ্চিত শিশুদের সুরক্ষা, উন্নয়ন এবং মৌলিক অধিকার প্রতিষ্ঠায় নিজ নিজ প্রতিষ্ঠানের কার্যক্রম ও সেবাসমূহ তুলে ধরেন। একই সঙ্গে শিশুদের কল্যাণে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন তাঁরা।
সভায় বক্তারা বলেন, পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা, তাদের শিক্ষার সুযোগ সৃষ্টি, স্বাস্থ্যসেবা প্রদান এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব শিশুকে পরিবার ও সমাজের সঙ্গে সম্পৃক্ত করে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় ও সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন।
শিশুদের সুরক্ষা, মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং তাদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে সভায় একমত পোষণ করে।