রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি //
মাগুরার মহম্মদপুরে ধানক্ষেতে বৈদ্যুতিক খুঁটিতে উঠে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মোঃ শাহিন (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার বড়রিয়া গ্রামের উজ্জ্বল বিশ্বাসের ধানক্ষেতে এ ঘটনা ঘটে।
স্থানীয় গ্রামবাসীরা জানান, সকাল ৬টার দিকে জমির মালিক উজ্জ্বল বিশ্বাস ধানক্ষেতে গিয়ে বৈদ্যুতিক খুঁটির পাশে একজনের লাশ পড়ে থাকতে দেখেন। বিষয়টি জানাজানি হলে গ্রামবাসী পুলিশকে খবর দেন। পরে মহম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শাহিন বড়রিয়া গ্রামে তার মামা আজাদের বাড়িতে বেড়াতে এসেছিলেন। তিনি উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের নিজাম মোল্যার পুত্র ।
মহম্মদপুর থানার এসআই কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক খুঁটিতে উঠে ট্রান্সফরমার চুরি করার সময় বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত ও তদন্ত শেষে মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানা যাবে।
মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
০৫ সেপ্টেম্বর ২০২৬ইং