বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
প্রবাদ আছে, চুন খেয়ে গাল পুড়লে দই দেখলেও ভয় লাগে। বাংলাদেশের রাজনীতিতে অতীত অভিজ্ঞতার কারণে অনেক নেতার অবস্থাও এখন তেমন। মুখে ঐক্যের মিষ্টি হাসি, কিন্তু মনে শর্তের হিসাব!
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। প্রথমে একান্তে বৈঠক করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে। এরপর ২৩ নভেম্বর ডাক পড়েছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের। রাজনীতির মঞ্চে যেন নতুন নাটকের মহড়া শুরু হয়েছে। তবে এবার সংলাপের টেবিলে শুধু চা-বিস্কুট নয়, সঙ্গে এসেছে জুলাই সনদের মোটা ফাইল!
নাহিদ ইসলামও কম যান না। তিনি যেন স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন, পুরোনো প্রতিশ্রুতির খাতা বন্ধ না করে নতুন চুক্তিতে সই করা যাবে না। জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায় এবং সংবিধান সংস্কার পরিষদের প্রশ্নে তাঁর অবস্থান কঠোর। তাঁর বক্তব্যের সারকথা—জাতীয় ঐক্য চাই, তবে সেই ঐক্যের ভিত্তি হতে হবে জুলাইয়ের অঙ্গীকার।
এদিকে শফিকুর রহমানের সঙ্গে তারেক রহমানের একান্ত বৈঠকও কম তাৎপর্যপূর্ণ নয়। সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ওই বৈঠকে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় নিয়ে আলোচনা হয়েছে। জামায়াতের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরামর্শ দেওয়ার কথাও সংবাদে এসেছে।
অর্থাৎ, রাজনীতির বাজারে এবার ভ্যাট ছাড়া বেচাকেনা হবে না! ঐক্যের পণ্য কিনতে হলে জুলাই সনদের মূল্য পরিশোধ করতে হবে।
বিএনপির সামনে এখন কঠিন সমীকরণ। একদিকে সরকার পরিচালনা, অন্যদিকে জুলাই গণ-অভ্যুত্থানের প্রত্যাশা পূরণের দায়। জামায়াত ও এনসিপির সঙ্গে সমঝোতা হলে রাজনৈতিক স্থিতিশীলতার সম্ভাবনা বাড়তে পারে। আর মতপার্থক্য দীর্ঘায়িত হলে সংসদ ও রাজপথে চাপ বাড়বে।
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকা এবং রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা অস্বীকার করা যায় না। তবে ঐক্যের নামে পুরোনো রাজনৈতিক কৌশল, পারস্পরিক অবিশ্বাস কিংবা পদ-পদবির লোভ দেখিয়ে কাউকে কাছে টানার চেষ্টা হলে ফল উল্টোও হতে পারে।
সবচেয়ে বড় কথা, জুলাই কোনো দলের ব্যক্তিগত সম্পত্তি নয়। এটি ছাত্র-জনতার আত্মত্যাগ, রক্ত ও পরিবর্তনের আকাঙ্ক্ষার প্রতীক। তাই জুলাইয়ের নামে যারা রাজনীতি করবেন, তাঁদের আগে নিজেদের অবস্থানের স্বচ্ছতা প্রমাণ করতে হবে।
তারেক রহমানের জন্য এটি নেতৃত্বের পরীক্ষা, শফিকুর রহমানের জন্য রাজনৈতিক আস্থার পরীক্ষা, আর নাহিদ ইসলামের জন্য জুলাইয়ের প্রতিশ্রুতি রক্ষার পরীক্ষা।
ফলকথা, রাজনীতিতে ঐক্য হতে পারে, সমঝোতাও হতে পারে; কিন্তু জনগণের গণরায়কে পাশ কাটিয়ে নয়। এবার কথার ফুলঝুরি নয়, চাই বাস্তবায়নের নিশ্চয়তা।
*গণভোটের রায় বাস্তবায়ন হোক, তারপর ঐক্যের আলোচনা।*
একদম হিসাব বরাবর—লাউড অ্যান্ড ক্লিয়ার!