বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর হোটেল পূর্বাণীতে বাংলাদেশ সুশীল ফোরামের (বিএসএফ) উদ্যোগে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) বিকাল ৪টায় আয়োজিত এ সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় মহান মুক্তিযুদ্ধের ৯ নম্বর সেক্টরের কমান্ডার মেজর (অব.) এম. এ. জলিলের ৩৭তম মৃত্যুবার্ষিকী এবং জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির সংগঠক শহীদ শরিফ ওসমান বিন হাদীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা আয়োজনের প্রস্তুতি ও কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
বাংলাদেশ সুশীল ফোরামের সভাপতি, বিশিষ্ট লেখক, গবেষক ও কলামিস্ট মো. জাহিদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি এস. এম. শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক ও দৈনিক আলোর সম্পাদক ডা. আল হাসান মোবারক, পরিচালক ও প্রযোজক এম. আশরাফুল ইসলাম জুয়েল, সহ-সভাপতি মো. ফজলুল করিম শামীম, মো. রাজু আহম্মেদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, দেশে সুশাসন প্রতিষ্ঠা, মানবিক মূল্যবোধের বিকাশ, গবেষণাধর্মী কার্যক্রম সম্প্রসারণ এবং নাগরিক সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ সুশীল ফোরামকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
তাঁরা আরও বলেন, সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে পারস্পরিক ঐক্য, সমন্বয় ও দায়িত্বশীলতার মাধ্যমে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে হবে। পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে গঠনমূলক এবং জনকল্যাণমুখী উদ্যোগ গ্রহণ করতে হবে।
সভায় মেজর এম. এ. জলিল ও শহীদ শরিফ ওসমান বিন হাদীর জীবন, কর্ম, আদর্শ ও জাতীয় অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়। তাঁদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে যথাযোগ্য মর্যাদায় স্মরণসভা আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।