সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
রাজধানীর মতিঝিলে দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির উদ্যোগে এক মজলুম সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন ব্যাংকে আমানত রাখার পরও দীর্ঘদিন ধরে মূল টাকা ফেরত না পাওয়া ভুক্তভোগী আমানতকারীদের দাবির প্রেক্ষিতে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন সুপ্রীম কোর্টের সাবেক সম্পাদক অ্যাডভোকেট গিয়াস উদ্দিন চৌধুরী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব সরোয়ার ওয়াদুদ চৌধুরী।
এসময় বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট মোঃ মঈন উদ্দিন। তিনি বলেন, সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থ আত্মসাৎ বা আটকে রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভুক্তভোগী আমানতকারীদের টাকা দ্রুত ফেরত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তিনি।
বক্তারা বলেন, দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে আমানত রাখা বহু মানুষ আজ মানবেতর জীবনযাপন করছেন। তারা দ্রুত আমানত ফেরত, দায়ীদের বিচার এবং ক্ষতিগ্রস্তদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
সমাবেশে ভুক্তভোগী আমানতকারীরা তাদের দুর্ভোগের কথা তুলে ধরে দ্রুত সমাধানের দাবি জানান। পরে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ মিছিল মতিঝিলের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।