শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
আলো | ঢাকা
‘বাঁচলে শিল্প বাঁচবে, দেশ এগিয়ে যাবে’—এই স্লোগানকে সামনে রেখে গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য অধিকার ও দাবি আদায়ের লক্ষ্যে রাজধানীর মিরপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিরপুর-১৪ এলাকার বিভিন্ন গার্মেন্টস শ্রমিক সংগঠনের ব্যানারে আয়োজিত এ বিক্ষোভ মিছিলটি মিরপুর-১০ নম্বর থেকে শুরু হয়ে মিরপুর-১১ নম্বর সড়ক অতিক্রম করে পল্লবীর অভিমুখে অগ্রসর হয়।
বিক্ষোভ মিছিল থেকে শ্রমিকদের জীবনমান উন্নয়ন, ন্যায্য মজুরি এবং কর্মক্ষেত্রে অধিকার নিশ্চিত করার লক্ষ্যে পাঁচ দফা দাবি তুলে ধরা হয়।
শ্রমিকদের পাঁচ দফা দাবি হলো—
১. গার্মেন্টস শ্রমিকদের মাসিক ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে।
২. নিয়মিত দৈনিক ৮ ঘণ্টা কর্মসময় নিশ্চিত করতে হবে।
৩. সপ্তাহে এক দিন সাপ্তাহিক ছুটিসহ শ্রম আইন অনুযায়ী সব ধরনের ছুটি নিশ্চিত করতে হবে।
৪. সব শ্রমিকের জন্য বিনামূল্যে ও সহজলভ্য চিকিৎসা এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে।
৫. কর্মক্ষেত্রে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে হবে এবং শ্রমিকদের পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জাম সরবরাহ করতে হবে।
বিক্ষোভকারীরা বলেন, গার্মেন্টস শিল্প দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। এ শিল্পের উন্নয়নে শ্রমিকদের অবদান অপরিসীম। তাই শিল্পের টেকসই অগ্রগতি নিশ্চিত করতে হলে শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও শ্রম অধিকার প্রতিষ্ঠা করতে হবে।
তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি শ্রমিকদের পাঁচ দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।