শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
মাগুরা থেকে মোঃ সাইফুল্লাহ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাগুরায় বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী তৎপরতা চোখে পড়ছে। নিজ দলের পক্ষে মাঠ পর্যায়ে চলছে প্রার্থীদের সরব পদচারনা। চলছে সভা-সমাবেশ, যুব সমাবেশ, গণসংযোগসহ নানা কার্যক্রম। দলীয় মনোনয়নের ব্যাপারে কেন্দ্রীয় সবুজ সংকেতের ইঙ্গিত দিচ্ছেন অনেকে। বিজয়ের পক্ষে দিচ্ছেন নানা যুক্তি। তবে বেশ আগ থেকেই জামায়াতে ইসলামীর প্রার্থী চুড়ান্ত হওয়ায় প্রচার প্রপাগান্ডায় জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য এবং যশোর কুষ্টিয়া -অঞ্চল সহকারী পরিচালক আলহাজ্ব আব্দুল মতিন।
মাগুরা-১ : মাগুরা পৌরসভাসহ সদরের ৯টি ইউনিয়ন ও শ্রীপুর উপজেলার ৮টি ইউনিয়ন নিয়ে গঠিত মাগুরা-১ আসন। যার সংসদীয় আসন নম্বর ৯১। নির্বাচনকে সামনে রেখে বিএনপি’র একাধিক প্রার্থী কেন্দ্রীয় লবিংসহ নির্বাচনী এলাকায় নেতাকর্মীসহ তৃণমূলে ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছেন। এ ছাড়া প্রার্থীতা ঘোষণার পাশাপাশি মাগুরা-১ আসনে নির্বাচনী তৎপরতা চালিয়ে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী , ইসলামী আন্দোলন বাংলাদেশ , গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাসদ সহ অন্যান্যদল।
বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা কেন্দ্রে লবিং চালানোর পাশাপাশি ব্যক্তিগতভাবে মাঠ পর্যায়ের নেতা কর্মীদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছেন। তারা হচ্ছেন জেলা বিএনপি’র আহবায়ক আলী আহম্মেদ, জেলা বিএনপির সদস্য সচিব ও ২০১৮ সালের সংসদ নির্বাচনে বিএনপি মনোনিত প্রার্থী মনোয়ার হোসেন খান, যুগ্ম আহবায়ক আহসান হাবিব কিশোর, সাবেক মন্ত্রী মেজর জেনারেল (অবঃ) এম মজিদুল হকের কন্যা ডাক্তার সিমিনয়ারা এ মজিদ অঞ্জু।
এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাগুরা জেলা জামায়াতের সাবেক আমির যশোর-কুষ্টিয়া অঞ্চলের সহকারি পরিচালক ও কেন্দ্রীয় মজলিশের শুরার অন্যতম সদস্য আব্দুল মতিনকে জামায়াত মাগুরা-১ আসনে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করেছে, তিনি দলীয় নেতাকর্মী নিয়ে নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ, উঠান বৈঠক, যুব সমাবেশ, ভোট কেন্দ্র ভিত্তিক দ্বায়িত্বশীলদের নিয়ে সমাবেশসহ বিভিন্ন ধরনের নির্বাচনী কর্মকাণ্ড চলিয়ে যাচ্ছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা সেক্রেটারী মাওলানা নাজিরুল ইসলামকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা দেয়া হয়েছে। এছাড়া বাংলাদেশ জাসদ মাগুরা শাখার সভাপতি এটিএম মহব্বত আলী, গণঅধিকার পরিষদের জেলা কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: খলিলুর রহমান নির্বাচনকে সামনে রেখে তৎপর রয়েছেন। করছেন বিভিন্ন সভা সেমিনার এবং গণসংযোগ।
জেলা বিএনপি’র আহবায়ক আলী আহম্মেদ বলেন, বিগত বিরোধী দলীয় আমলের দীর্ঘ ১৭টি বছর দলের একজন কর্মী হিসেবে আমি আমার সামর্থ অনুযায়ী এবং আমার নেতা তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সকল আন্দোলন সংগ্রামে সামনে থেকে দলকে নের্তৃত্ব দিয়েছি। জেল, জুলুম, অত্যাচার-নির্যাতন সহ্য করে নেতাকর্মীদের নিয়ে দল পরিচালনা করেছি। এ সরকার পতনের আন্দোলনকে বেগবান করেছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের কাছে আমি আমার প্রার্থীতা দাবি করবো। সবকিছু বিবেচনা করে দল যদি আমার মনোনয়ন দেয় তাহলে দলের সকলকে সাথে নিয়ে কাজ করে আগামী নির্বাচনে বিজয়ী হয়ে মাগুরা-১ আসনটি আমাদের নেতা তারেক রহমানকে উপহার দিতে পারবো বলে বিশ্বাস করি। আমি নির্বাচিত হতে পারলে দলের তৃণমূল নেতাকর্মীদের মতামতকে প্রাধাণ্য দেব। কারণ তারাই একটি দলের প্রাণ।
দলটির সদস্য সচিব মনোয়ার হোসেন খান বলেন, আমার নেতা তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমি মাগুরা জেলায় বিএনপিকে সুদৃঢ় করতে কাজ করে যাচ্ছি। আমি জেলার নতুন প্রজন্মকে সাথে নিয়ে মাগুরাকে একটি মডেল জেলা হিসাবে গড়ে তুলতে চাই। আমাকে গত নির্বাচনে দল থেকে প্রার্থী করেছিল। এবারের প্রার্থীতার ব্যাপারে আমি আশাবাদি। তৃণমূলের নেতাকর্মীদের মতামতকে প্রাধান্য দিয়ে কাজ করে আমি মনে করি আমার নির্বাচনী এলাকায় উন্নয়নমূলক কাজসহ সবকিছু এগিয়ে নিয়ে যেতে পারবো। সেই সাথে সন্ত্রাস, ঘুষ, দূর্ণীতি, মাদকসহ সব ধরনের অত্যাচার অনাচার মুক্ত এলাকা গড়ে তোলার চেষ্টা করবো। সবসময় দলের নেতাকর্মীদের সুখ দুঃখে পাশে ছিলাম আমৃত্যু থাকবো।
জামায়াতের প্রার্থী আব্দুল মতিন বলেন, দলীয় নীতি আদর্শের আলোকে আমি সবসময় মানুষের জন্য কাজ করছি। সংসদ সদস্য হলে সে আলোকে মাগুরাকে সব সময় সব ধরনের অনাচার, অত্যাচার, জুলুম, দুর্নীতি, চাঁদাবাজি মুক্ত রাখবো। ইমানী শক্তিময় একটি নতুন প্রজন্ম গড়া হবে আমার প্রধান অঙ্গিকার।//