শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
ইব্রাহীম খলিল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সার্বজনীন গ্রুপের আয়োজনে ফ্রি উদ্যোক্তা তৈরি ও অলরাউন্ডার প্রশিক্ষণ কর্মসূচির ২০তম সেশনের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের কোর্ট রোডের আয়েশা আমজাদ টাওয়ারের তৃতীয় তলায় এ ক্লাস অনুষ্ঠিত হয়। এতে ৫৬ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।
উদ্বোধনী ক্লাসে প্রশিক্ষকরা অংশগ্রহণকারীদের আত্মবিশ্বাস বৃদ্ধি, মাইন্ডসেট উন্নয়ন ও বহুমুখী দক্ষতা অর্জনের বিষয়ে দিকনির্দেশনা দেন।
অনুষ্ঠানে সার্বজনীন গ্রুপের পরিচালক তানজিনা আক্তার শিলা এবং সার্বজনীন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মুখপাত্র জামাল হোসেন পান্নার যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সার্বজনীন গ্রুপের চেয়ারম্যান ও লেখক মোহাম্মদ হোসেন শান্তি।
তিনি বলেন, “আগামী দিনের প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে তরুণদের অলরাউন্ডার হিসেবে গড়ে তুলতে হবে। ২০০১ সাল থেকে আমরা আত্মকর্মসংস্থান ও যুব উন্নয়নে কাজ করে আসছি। তরুণরা যদি আত্মবিশ্বাসী ও কর্মমুখী হয়, তবে তারা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারবে।”
প্রশিক্ষণ প্রদান করেন আলমগীর হোসেন ও রুমা আক্তার। এছাড়া উপস্থিত ছিলেন প্রশিক্ষণের সমন্বয়কারী জেমিন আক্তার, সার্বজনীন গ্রুপের আইটি সেক্টর প্রধান এস এ রুবেলসহ অন্যান্য অতিথিবৃন্দ।
প্রশিক্ষণ প্রসঙ্গে সার্বজনীন গ্রুপের পরিচালক তানজিনা আক্তার শিলা বলেন, “ফ্রি উদ্যোক্তা ও অলরাউন্ডার প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় তরুণদের আত্মনির্ভরশীল ও কর্মক্ষম করে তুলতে আমরা কাজ করছি। শুধু প্রশিক্ষণেই সীমাবদ্ধ রাখা হচ্ছে না, প্রতিটি ক্লাসে প্রশিক্ষণার্থীদের সম্মানী ভাতা দেওয়া হচ্ছে এবং ব্যাচ শেষে কর্মসংস্থানের সুযোগও করে দেওয়া হচ্ছে।”
উল্লেখ্য, সার্বজনীন গ্রুপের এ উদ্যোগ স্থানীয় তরুণদের দক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান ও ইতিবাচক মানসিকতা গড়ে তুলতে বিশেষ ভূমিকা রাখছে। এর আগে ১৯তম ব্যাচে ৪২ জন তরুণ-তরুণী প্রশিক্ষণ শেষে সনদ ও সম্মানী ভাতা গ্রহণ করেন।