সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
*মিরপুর প্রতিনিধি | দৈনিক আলো | ১৮ অক্টোবর ২০২৬, শনিবার রাত ৮:৩০ মিনিট*
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর পল্লবী ইস্টার্ন হাউজিং আলুবদি রোডের ঐতিহ্যবাহী শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার তাবিথ আউয়াল।
মন্দির সূত্রে জানা যায়, এই মন্দিরটি পল্লবী-মিরপুর এলাকার হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান তীর্থস্থান। ২০১৪ সালে পুনঃসংস্কার শুরু হয়ে ২০১৮ সালে এর কাজ সম্পন্ন হয়। প্রতি বছর শারদীয়া দুর্গাপূজায় এখানে হাজারো ভক্তের সমাগম ঘটে। শনিবার রাতেও মন্দিরে ছিল উপচে পড়া ভিড়, আলোকসজ্জা ও ঢাক-শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ছিল পুরো এলাকা।
রাত ৮:৩০ মিনিটে তাবিথ আউয়াল মন্দিরে পৌঁছালে মন্দির পরিচালনা কমিটি তাকে ফুল দিয়ে বরণ করে নেন। তিনি প্রতিমা দর্শন করেন এবং ভক্তদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় তাবিথ আউয়াল বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। দুর্গাপূজা এখন সার্বজনীন উৎসব। ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।”
পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ২ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ফজলুল হক লাভলু বলেন, “ইস্টার্ন হাউজিং দুর্গা মন্দির আমাদের পল্লবীর ঐতিহ্য ও সম্প্রীতির প্রতীক। তাবিথ ভাইয়ের এই আগমনে আমরা আনন্দিত। ২ নং ওয়ার্ডের সকল পূজা মণ্ডপের নিরাপত্তায় আমরা সার্বক্ষণিক মাঠে আছি।”
পরিদর্শনকালে বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। রাত ৯:৪৬ মিনিট পর্যন্ত তিনি মন্দির এলাকায় অবস্থান করেন।
*ডেস্ক, পল্লবী।*