সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
আবু রায়হান, স্টাফ রিপোর্টার-
বাগেরহাটে অস্বচ্ছল রোগীদের চিকিৎসা সহায়তা এবং মসজিদ, মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান দিয়েছে জেলা পরিষদ। রোববার (২৩ আগস্ট) দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে উপকারভোগীদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে চেক তুলে দেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন।
জেলা পরিষদ সূত্রে জানা যায়, এদিন ১৩ জন অস্বচ্ছল রোগীকে চিকিৎসার জন্য মোট ১৩ লাখ ২৫ হাজার টাকা এবং ১৮টি মসজিদ, মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানকে মোট ৩৪ লাখ টাকা অনুদান দেওয়া হয়।
অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী মো. আবু রিয়াদ, সহকারী প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. শহীদুল আলম, প্রশাসনিক কর্মকর্তা মো. হারুন অর রশিদ, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি শেখ মো. আবু সাঈদ শুনু, সহ-সভাপতি এসএম রাজসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
চেক বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন বলেন, জনকল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। জেলা পরিষদের পক্ষ থেকে অসহায় মানুষ ও অস্বচ্ছল রোগীদের চিকিৎসায় সহযোগিতা করা হচ্ছে। পাশাপাশি অর্থের অভাবে পড়াশোনা চালিয়ে যেতে না পারা শিক্ষার্থীদের সহায়তা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের অবকাঠামো নির্মাণেও সহযোগিতা দেওয়া হয়।
তিনি বলেন, মানুষের প্রয়োজনের কথা বিবেচনায় নিয়ে ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।