সোমবার, ১১ মে ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
মোঃ সাইফুল্লাহ,মাগুরা প্রতিনিধি //
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণ, কর্মচারীদের স্বাস্থ্যবিধি না মান এবং খাবারে ক্ষতিকর ও অননুমোদিত রং ব্যবহার করার অপরাধে মাগুরা হাজী বিরিয়ানি ও নান্না বিরিয়ানি নামক দুটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার।
রবিবার দুপুর ৩টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয় শহরের চৌড়ঙ্গী মোড় ও নতুন বাজার নিজনান্দুয়ালী এলাকায় অভিযান পরিচালিত হয়। এ সময় হাজী বিরিয়ানি ও নান্না বিরিয়ানির প্রতিষ্ঠান তদারকি করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২ ও ৪৩ ধারায় নান্না বিরিয়ানিকে ১০ হাজার টাকা ও হাজী বিরিয়ানিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরণের আইন অমান্যকারী কার্যকলাপ না করার ব্যাপারে সতর্ক করা হয়।
পরবর্তীতে অন্যান্য পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়। এসময় সবাইকে নকল ভেজাল পণ্য বিক্রয় না করা, স্বাস্থ্যসম্মত পরিবেশে ও আইন মেনে ব্যবসা পরিচালনা, মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন করা, পণ্যের ক্রয়-বিক্রয় ভাউচার যথাযথভাবে প্রদান ও সংরক্ষণ করা, মেয়াদ উত্তীর্ণ ও ড্যামেজ পণ্য বিক্রয় না করা, পণ্যের মোড়কীকরণ বিধি বহির্ভূত পণ্য বিক্রয় না করা, অতিরিক্ত মুনাফা না করা ইত্যাদি ব্যাপারে নির্দেশনা দেয়া হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমন অধিকারী, জেলা মার্কেটিং অফিসার মো: রবিউল ইসলাম ও মাগুরা জেলা পুলিশের একটি টিম।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং১০/৫/২০২৬ইং