শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় মাদক নিয়ন্ত্রণে ওয়ার্ডভিত্তিক তালিকা প্রণয়ন, ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিতকরণ ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত অভিযান জোরদারের দাবি জানিয়েছে কর্ণফুলী প্রেসক্লাব।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ৮টায় কর্ণফুলী প্রেসক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত মাসিক মতবিনিময় সভায় এ দাবি জানানো হয়।
প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ও দৈনিক আমার দেশ-এর প্রতিনিধি খালেদ মনছুরের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ও দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি মোহাম্মদ সিরাজুল ইসলাম।
সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, জননিরাপত্তা ও সাংবাদিকদের পেশাগত দায়িত্বসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বক্তারা বলেন, কর্ণফুলীর বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে। মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি ও অভিযান আরও জোরদার করা প্রয়োজন। একই সঙ্গে মাদক কারবারের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
তারা আরও বলেন, ওয়ার্ডভিত্তিক তথ্য সংগ্রহ করে মাদকপ্রবণ এলাকা চিহ্নিত করা, নিয়মিত অভিযান পরিচালনা এবং স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সম্পৃক্ত করে সমন্বিত উদ্যোগ নেওয়া হলে মাদক নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।
সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি মোহাম্মদ বদরুল হক, অর্থ ও দপ্তর সম্পাদক এবং দৈনিক ইনকিলাবের সংবাদদাতা মো. জাবেদুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক ও দৈনিক ভোরের বাণীর প্রতিনিধি সাইফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক ও দৈনিক মানব কন্ঠ ও প্রবাসী টিভির প্রতিনিধি মো. সাইফুল ইসলামসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য।