শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (১১ নভেম্বর) দুপুর ১২টা থেকে অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ শুরু করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এবারের ভর্তি প্রক্রিয়ায় চার শ্রেণির কোটায় মোট ৮ শতাংশ আসন সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৫ শতাংশ এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী, হরিজন ও দলিত সম্প্রদায়, প্রতিবন্ধী এবং হিজড়া জনগোষ্ঠীর প্রার্থীদের জন্য পৃথকভাবে ১ শতাংশ করে আসন সংরক্ষিত রাখা হয়েছে।
ভর্তির আবেদনের ক্ষেত্রে শিক্ষার্থীদের ন্যূনতম যোগ্যতার শর্ত আগের মতোই রাখা হয়েছে। তবে বিভিন্ন অনুষদ ও ইনস্টিটিউটের কয়েকটি বিভাগে ভর্তির যোগ্যতার ক্ষেত্রে কিছু শর্ত শিথিল করা হয়েছে।
ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনলাইনে আবেদন করার সময় সংশ্লিষ্ট প্রার্থীকে নির্ধারিত কোটার ঘরে টিক চিহ্ন দিতে হবে। তবে শুধু ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই পরবর্তী সময়ে কোটার সুবিধা পাওয়ার জন্য আবেদন করতে পারবেন।
এ ক্ষেত্রে ভর্তি পরীক্ষার ফল প্রকাশের পর সংশ্লিষ্ট কোটার যোগ্যতার প্রমাণপত্র ও ভর্তি পরীক্ষার প্রবেশপত্রসহ নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করতে হবে। ফরমটি সংশ্লিষ্ট অনুষদের ডিন অফিস অথবা অনলাইন থেকে সংগ্রহ করে যথাযথভাবে পূরণ করে বিজ্ঞপ্তিতে উল্লেখিত সময়ের মধ্যে জমা দিতে হবে।
কোটার ধরন অনুযায়ী প্রয়োজনীয় সনদপত্রও জমা দেওয়া বাধ্যতামূলক। মুক্তিযোদ্ধার সন্তান কোটার ক্ষেত্রে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে ইস্যু করা সনদপত্র, ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের সনদ এবং হরিজন ও দলিত সম্প্রদায়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট সম্প্রদায়ের সংগঠনপ্রধানের সনদ জমা দিতে হবে।
অন্যদিকে, প্রতিবন্ধী (দৃষ্টি, বাক্, শ্রবণ, শারীরিক ও নিউরো-ডেভেলপমেন্টাল ডিজঅর্ডারস) এবং হিজড়া প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপযুক্ত সনদপত্র দাখিল করতে হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, কোটার আওতায় ভর্তির ক্ষেত্রে নির্ধারিত যোগ্যতা, সনদপত্র এবং আবেদনসংক্রান্ত শর্ত যথাযথভাবে অনুসরণ করতে হবে।