শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শরণখোলায় বাংলা কিউআর ও ক্যাশলেস ব্যাংকিংয়ের প্রচার
*ক্যাশলেস বাংলাদেশ গড়তে শরণখোলায় র্যালি ও আলোচনা
বাগেরহাটের শরণখোলায় বাংলা কিউআর কোডের ব্যবহার এবং ‘ক্যাশলেস বাংলাদেশ’ কার্যক্রম নিয়ে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় আল-আরাফাহ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি শরণখোলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
শরণখোলায় বাংলা কিউআর কোড ও ক্যাশলেস বাংলাদেশ কার্যক্রম উপলক্ষে আয়োজিত র্যালি।
কর্মসূচির শুরুতে ব্যবসায়ী, ব্যাংকার ও সুধীজনের অংশগ্রহণে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদর রায়েন্দা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে ব্যাংকের শরণখোলা শাখায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক খুলনার যুগ্ম পরিচালক সোহেল নওরোজ।
আল-আরাফাহ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি শরণখোলা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আল-আমীনের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম, জনতা ব্যাংকের ব্যবস্থাপক লিপন কুমার পাল, কৃষি ব্যাংকের ব্যবস্থাপক সঞ্জয় দেবনাথ, শরণখোলা প্রেসক্লাবের সভাপতি শেখ মোহাম্মদ আলী এবং রায়েন্দা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান বাবুল তালুকদার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেন মানিক এবং রায়েন্দা পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল হালিমসহ অনেকে।
সভায় বক্তারা বাংলা কিউআর কোডের ব্যবহার ও ক্যাশলেস ব্যাংকিংয়ের সুবিধা সম্পর্কে জনসাধারণকে অবহিত করেন এবং ডিজিটাল লেনদেনে উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন।
আয়োজকরা জানান, সাধারণ মানুষকে বাংলা কিউআর কোড ব্যবহার ও ক্যাশলেস ব্যাংকিংয়ে উদ্বুদ্ধ করতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।