বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি //
মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষ্যে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৩১ আগস্ট নজরুল বর্ষ উপলক্ষ্যে দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক ‘নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা’ উপলক্ষে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উভয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট,মোতাকাব্বীর আহমেদ।
নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, দেশপ্রেম, সাম্য ও মানবতার চেতনা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা ও সাংস্কৃতিক প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
পরবর্তীতে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশে শিক্ষার্থীদের পড়াশোনা, নিয়মিত উপস্থিতি, শৃঙ্খলা, নৈতিকতা ও সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। শিক্ষার্থীদের সুশিক্ষিত ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে বিদ্যালয় ও অভিভাবকদের পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠান দুটিতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ০১/৯/২০২৬ইং