শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ
১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব এবং ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান একই ঐতিহাসিক চেতনার ধারাবাহিকতা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সুশীল ফোরামের সভাপতি মো. জাহিদ। তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে বিভিন্ন সংকটময় সময়ে জনগণ নিজেদের অধিকার ও জাতীয় স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রয়োজনের মুহূর্তে এ দেশের মানুষ কখনোই রাজপথে নামতে পিছপা হয়নি।
তিনি বলেন, অতীতে দেশের অধিকাংশ আন্দোলন-সংগ্রাম রাজনৈতিক দলের নেতৃত্বে পরিচালিত হলেও ২০২৪ সালের জুলাই বিপ্লবের বিশেষ বৈশিষ্ট্য ছিল ছাত্র-জনতার সম্মিলিত নেতৃত্ব ও অংশগ্রহণ।
গতকাল বৃহস্পতিবার ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ সুশীল ফোরাম আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন ফোরামের সেক্রেটারি আল হাসান মোবারক সহ-সভাপতি, ফজলুল করিম শামীম, নূর নবী রিপন প্রমুখ।
মো. জাহিদ আরও বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করা না হলে দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক সংকট নতুন করে গভীর হতে পারে। বাংলাদেশের ইতিহাসে বারবার আন্দোলন ও বিপ্লবের পুনরাবৃত্তি ঘটুক, তা কেউ প্রত্যাশা করে না। তাই রাজপথকে আর রক্তাক্ত না করে আলোচনার মাধ্যমে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বর্তমান সরকারের কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
তিনি বলেন, ৭ নভেম্বরের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অন্তর্নিহিত চেতনা যথাযথভাবে ধারণ ও বাস্তবায়ন করা সম্ভব হয়নি বলেই পরবর্তী সময়ে দেশে নতুন করে ছাত্র-জনতার জুলাই বিপ্লব সংঘটিত হয়েছে। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে জাতীয় ঐক্য, গণতান্ত্রিক অধিকার ও জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।