সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক স্পিকার, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও বর্ষীয়ান রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার দিবাগত রাত প্রায় ৪টার দিকে রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিএনপির নেতা ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন। পরে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানও বিষয়টি নিশ্চিত করে জানান, মরহুমের জানাজা ও দাফনের সময়সূচি পরে পরিবারের পক্ষ থেকে জানানো হবে।
১৯৩১ সালের ১ ডিসেম্বর পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার নয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে বিএ (অনার্স), এমএ এবং এলএলবি ডিগ্রি অর্জনের পর যুক্তরাজ্যের লিংকনস ইন থেকে ব্যারিস্টার-অ্যাট-ল সনদ লাভ করেন।
১৯৪৫ সালে ছাত্রজীবনে তৎকালীন ছাত্র ফেডারেশনের মাধ্যমে তাঁর রাজনৈতিক জীবনের সূচনা হয়। পরবর্তীতে তিনি ছাত্র ইউনিয়ন, ন্যাপ এবং মাওলানা ভাসানীর রাজনৈতিক ধারার সঙ্গে যুক্ত ছিলেন। পরে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাগদলে যোগ দেন এবং বিএনপি প্রতিষ্ঠার পর দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হন।
আইনজীবী হিসেবে সুনাম অর্জনের সুবাদে ১৯৭৭ থেকে ১৯৮১ সাল পর্যন্ত পাঁচবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।
ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ১৯৭৯ সালে দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে বিভিন্ন সময়ে দিনাজপুর-১, ঢাকা-৯, পঞ্চগড়-১ এবং বগুড়া-৬ আসন থেকে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন।
রাজনৈতিক জীবনে তিনি গণপূর্ত ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, ভূমি প্রতিমন্ত্রী, শিক্ষামন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০০১ সালের ২৮ অক্টোবর থেকে ২০০৯ সালের ২৫ জানুয়ারি পর্যন্ত তিনি অষ্টম জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। সংবিধান অনুযায়ী তিনি একাধিকবার অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্বও পালন করেন।
ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যা ও দুই পুত্র সন্তানের জনক। তাঁর ছেলে অ্যাডভোকেট নওশাদ জমির সুপ্রিম কোর্টের একজন আইনজীবী এবং সাবেক সংসদ সদস্য।
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিরা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।