রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
যুক্তরাষ্ট্রভিত্তিক অনলাইন বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব দ্য পিপল (University of the People)-এ ভর্তির সুযোগ পেয়েছেন নোয়াখালীর চাটখিলের কৃতী সন্তান আবদুল্লাহ আল মামুন। তাঁর উচ্চশিক্ষার পথচলাকে আরও গতিশীল করতে পাশে দাঁড়িয়েছে চাটখিল উপজেলা প্রশাসন। তাঁর হাতে একটি ল্যাপটপ তুলে দেওয়া হয়েছে।
চাটখিল উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে আবদুল্লাহ আল মামুনের হাতে ল্যাপটপটি তুলে দেন উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আলী।
আন্তর্জাতিক পর্যায়ের একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পাওয়া আবদুল্লাহ আল মামুনের জন্য প্রয়োজনীয় শিক্ষা উপকরণ নিশ্চিত করতেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষার্থীদের মেধা ও সম্ভাবনা বিকাশে এ ধরনের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ল্যাপটপ পেয়ে আবদুল্লাহ আল মামুন উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবায়নে এ সহযোগিতা তাঁর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে অর্জিত জ্ঞান ও দক্ষতা দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহল উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, মেধাবী ও সম্ভাবনাময় শিক্ষার্থীদের পাশে দাঁড়ালে উচ্চশিক্ষার প্রতি তরুণদের আগ্রহ আরও বাড়বে এবং চাটখিল থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও প্রতিভাবান তরুণ উঠে আসবে।
চাটখিলের মাটি থেকে আন্তর্জাতিক উচ্চশিক্ষার অঙ্গনে আবদুল্লাহ আল মামুনের এই অগ্রযাত্রা নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে উঠবে—এমন প্রত্যাশা স্থানীয়দের।