রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
রাজধানীর মিরপুর ১০-এ অবস্থিত তাজমহল কনভেনশন হলে এক জাঁকজমক পূর্ণ ও প্রাণবন্ত পরিবেশে শুভ উদ্বোধন ঘোষণা করা হয় আল-আযহার ইনস্টিটিউট ফাউন্ডেশনের। আলোকিত আগামী প্রজন্ম বিনির্মাণে পবিত্র অঙ্গীকার নিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো প্রতিষ্ঠানটির পথচলা।
অনুষ্ঠানটি প্রাণবন্ত ও মিলনমেলায় পরিণত হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষানুরাগী, অভিভাবক, শিক্ষক, সাংবাদিক ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে পুরো হল ছিল কানায় কানায় পূর্ণ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদেশি মেহমান উম্মে কাইরাতি সায়েম, প্রেসিডেন্ট, ইংলিশ এসোসিয়েশন ও উপ সহকারী অধ্যাপক, মাহমুদিয়া ইউনিভার্সিটি, ইন্দোনেশিয়া। তিনি তার বক্তব্যে আলোকিত প্রজন্ম গড়তে নৈতিক শিক্ষা ও আধুনিক শিক্ষার সমন্বয়ের উপর গুরুত্বারোপ করেন।
আরো উপস্থিত ছিলেন ওয়াফি মানসুর বুড়িরো, সহকারী অধ্যাপক, সিন্ধ ইউনিভার্সিটি, পাকিস্তান এবং ডঃ টং কা ম্যান ইসতার, বিভাগীয় প্রধান, হংকং পলিটেকনিক, হংকং। বিদেশি অতিথিদের উপস্থিতি অনুষ্ঠানে যোগ করে এক আন্তর্জাতিক মাত্রা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মাদ আবু সাঈদ ফেরদৌস, সদস্য, সাংবাদিক ইউনিয়ন, বরিশাল জেলা। ও উজিরপুর চেয়ারম্যান পদপ্রার্থী, তিনি আল-আযহার ইনস্টিটিউটের এই উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য রাখেন মোঃ আলহাজ্ব ফরিদ আহমেদ, BSS অনার্স, MSS, MPS, PHD, CSR, সেক্রেটারি জেনারেল ও বাবুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, শুধু পুঁথিগত বিদ্যা নয়, নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ একটি প্রজন্ম গড়ে তোলাই হবে এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।
উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিয়াউল আহসান আযহারী, সম্মানিত চেয়ারম্যান, আল-আযহার ইনস্টিটিউট ফাউন্ডেশন। সভাপতির বক্তব্যে তিনি প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনা, শিক্ষা কার্যক্রম ও লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরেন। তিনি বলেন, কোরআন-সুন্নাহর আলোকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে আগামী প্রজন্মকে বিশ্ব দরবারে তুলে ধরতে চায় আল-আযহার ইনস্টিটিউট।
সন্ধ্যা ৬টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। কোরআন তেলাওয়াতের সুমধুর সুরে মুখরিত হয়ে ওঠে পুরো হল। এরপর অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং সম্মাননা স্বরূপ ক্রেস্ট বিতরণ করা হয়।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ছোট ছোট শিক্ষার্থীদের পরিবেশনা। তাদের কণ্ঠে গজল, কোরআন তেলাওয়াত ও কোরআন অনুবাদ উপস্থিত সকলকে মুগ্ধ করে। কোমলমতি শিশুদের আত্মবিশ্বাসী পরিবেশনা দেখে অভিভাবক ও অতিথিরা মুগ্ধতা প্রকাশ করেন। এছাড়াও ছিল আরো নানা মনোজ্ঞ আয়োজন।
অনুষ্ঠানের শেষ পর্বে আগত অতিথিদের সম্মানে ৩০০ জনের রাতের খাবারের আয়োজন করা হয়। খাবার শেষে সকলের দোয়া ও ভালোবাসা নিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
আয়োজকরা জানান, আল-আযহার ইনস্টিটিউট শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি হবে আলোকিত মানুষ গড়ার একটি পবিত্র প্ল্যাটফর্ম।