মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক,
রাজধানীর রামপুরার মেরাদিয়ায় মাদকাসক্ত এক ভাড়াটিয়াকে উচ্ছেদ করার জেরে শাহ মুহাম্মদ সরোয়ার (যিনি বিজ্ঞানী সরোয়ার নামে পরিচিত) নামের এক বাড়িওয়ালাকে গলা কেটে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। মৃত্যু নিশ্চিত ভেবে হামলাকারীরা পালিয়ে গেলেও অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন তিনি। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনাটি ঘটেছে গত ১৬ অক্টোবর ২০২৬ তারিখ রাত ৯টায়, রামপুরার মেরাদিয়া বাগানবাড়ি পেট্রোল পাম্পের পিছনের মসজিদসংলগ্ন বিজ্ঞানী সরোয়ারের নিজস্ব বাড়ির তৃতীয় তলায়। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার খিলগাঁও থানায় একটি মামলা দায়ের করেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিগত কয়েক মাস আগে পুলিশের সহযোগিতায় নিজ বাড়ি থেকে এক মাদকাসক্ত ভাড়াটিয়াকে উচ্ছেদ করেছিলেন বাড়িওয়ালা বিজ্ঞানী সরোয়ার। ওই ঘটনার পর থেকেই ক্ষুব্ধ হয়ে প্রতিশোধের সুযোগ খুঁজছিল চক্রটি। এরই ধারাবাহিকতায় সম্প্রতি নতুন করে ভাড়া নেওয়ার নাম করে এক খুনির সঙ্গে চুক্তি করা হয়। বাসা ভাড়া দেওয়ার কথা বলে গত ১৬ অক্টোবর রাতে বিজ্ঞানী সরোয়ারকে কৌশলে রুমে ডেকে নেয় অভিযুক্তরা। তিনি রুমে প্রবেশ করার সাথে সাথেই তার ওপর অতর্কিত হামলা চালানো হয় এবং সুচালো অস্ত্র দিয়ে তাকে জবাই করার চেষ্টা করা হয়। ঘাতকরা তাকে মৃত ভেবে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।
একজন বাড়িওয়ালা মাদকাসক্তদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে যদি নিজ বাড়িতে এমন নৃশংস হামলার শিকার হন, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? নৃশংস এই ঘটনার মূল হোতা ও অপরাধীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও সাধারণ মানুষ।
এ বিষয়ে খিলগাঁও থানার পুলিশ জানিয়েছে, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। জড়িত অপরাধীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জন্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।